সোমবার, ২৩ মার্চ ২০২৬
চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির মিলনমেলা অনুষ্ঠিত

হেলদি সিটি গড়তে চিকিৎসকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে: মেয়র ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক

হেলদি সিটি গড়তে চিকিৎসকদের সক্রিয় ও অগ্রণী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

- Advertisement -

শনিবার (১৭ জানুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে আয়োজিত মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। মিলনমেলায় চট্টগ্রাম মেডিকেল কলেজের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্মৃতিচারণ, অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি দেশের স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে চিকিৎসকদের ভূমিকা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়।

- Advertisement -shukee

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, একটি সুস্থ নগর গঠনে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিকদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা জরুরি, যেখানে চিকিৎসক সমাজের অবদান অপরিসীম।

“চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। চিকিৎসাসেবার মান উন্নয়ন, গবেষণা, মানবিক চিকিৎসা এবং সংকটকালে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তাদের অবদান অনস্বীকার্য।”

তিনি আরও বলেন,চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আধুনিক নগর স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, হাসপাতাল অবকাঠামো উন্নয়ন, ফ্রি মেডিকেল ক্যাম্প, জরুরি চিকিৎসা সুবিধা সম্প্রসারণ এবং কমিউনিটি হেলথ প্রোগ্রাম বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ সফল করতে চিকিৎসকদের পেশাগত জ্ঞান ও সামাজিক দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মেয়র বলেন, একটি হেলদি সিটি গড়তে হলে রোগ নিরাময়ের পাশাপাশি রোগ প্রতিরোধে গুরুত্ব দিতে হবে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার এবং গবেষণাভিত্তিক চিকিৎসা ব্যবস্থার বিকাশে চিকিৎসক সমাজকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

মিলন মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ডা. সায়েদুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নাজমুল হোসেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর জসিম উদ্দিন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি প্রফেসর এস. এম. তারেক। বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক ডা. আশরাফুল কবির।

অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির কোষাধ্যক্ষ প্রফেসর তামিজ উদ্দিন আহমেদ মানিক।

মিলন মেলায় প্রাক্তন শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে স্মৃতিচারণ করেন, চিকিৎসা জীবনের অভিজ্ঞতা বিনিময় করেন এবং ভবিষ্যতে স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষা উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে আয়োজকরা অংশগ্রহণকারী সকল অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ

এই বিভাগের আরও