ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে রবিবার (২১ ডিসেম্বর ) সন্ধ্যায় কেন্দ্রের সেমিনার কক্ষে আটদিনব্যাপী ফ্রেশ গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং প্রোগ্রাম (Fresh Graduate Engineers Training Programme-2025) শীর্ষক সপ্তাহব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
সদ্য পাশকৃত নবীন স্নাতক প্রকৌশলীদের কর্মজীবনে প্রবেশের পূর্বে পেশাদারিত্ব অর্জন ও কর্মক্ষেত্রের মৌলিক বিষয়ে প্রশিক্ষিত করে গড়ে তোলাই এই কর্মসূচির লক্ষ্য।

আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম এর সভাপতিত্বে ও সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল) এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. সুবক্তগীণ ।
প্রশিক্ষণ কোর্সে কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন ও ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) প্রকৌশলী রফিকুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এছাড়াও কোর্স কো-অর্ডিনেটর ও কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী মো. নুরুল আলম স্বাগত বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী মো. সুবক্তগীণ বলেন, নতুন কর্মক্ষেত্রে প্রবেশের পর নবীন প্রকৌশলীদের চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবেলা করতে হয়। শ্রেণীকক্ষে অর্জিত জ্ঞান ও কর্মক্ষেত্রে কর্মসম্পাদনের জ্ঞান এক নয়। তিনি আত্মবিশ্বাসের সহিত একনিষ্ঠভাবে লেগে থেকে নিজ দায়িত্ব পালন করার প্রতি গুরুত্বরোপ করেন। তিনি কর্মক্ষেত্রে নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা মেনে চলা, সময়ের কাজ সময়ে সম্পন্ন করে ও নিষ্ঠার সহিত দক্ষতা অর্জনের লক্ষ্যে নিজেকে আত্মনিয়োগ করার আহবান করেন। তিনি আরো বলেন, শিক্ষা জীবন শেষে চাকুরী না পেলে হতাশ না হয়ে আত্ম বিশ্বাসের সহিত নিজস্ব কর্মক্ষেত্র তৈরির প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সেক্ষেত্রে বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ, দেশে চাকুরীর বিকল্প হিসেবে নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রস্তুত করা, ফ্রিল্যান্সার হওয়াসহ নিত্য নতুন বিষয়ের প্রতি দৃষ্টি দেয়ার উপর গুরুত্বারোপ করতে হবে।
সভাপতির বক্তৃতায় প্রকৌশলী মনজারে খোরশেদ আলম বলেন, পেশাদারী মনোভাব তৈরী ও দক্ষতা অর্জনে প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি নবীন প্রকৌশলীদের প্রযুক্তি বিষয়ক জ্ঞানার্জনের পাশাপাশি কমিউনেকশন দক্ষতা, লিডারশীপ, অফিস ব্যবস্থাপনা, অর্থ ও হিসাব ব্যবস্থাপনা, প্রকল্প ব্যবস্থাপনা, পণ্য মান ব্যবস্থাপনা, সাংগঠনিক সংস্কৃতি এবং আচরণ বিষয়ে জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা রয়েছে বলে মতামত ব্যক্ত করেন। তিনি আরো বলেন, নিয়মানুবর্তীতা ও সময়ের ব্যাপারে যে জাতি যত যত্নবান সে জাতি ততই উন্নত হয়। প্রত্যেকে যথাসময়ে সঠিক দায়িত্ব পালন করতে না পারলে এবং যথাযথভাবে সময়ের গুরুত্ব না দিলে সে নিজেই পিছিয়ে পড়বে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী মোমিনুল হক, স্থানীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী কাজী আরশাদুল ইসলাম, নবীন প্রকৌশলী সুমাইয়া ইসলাম, প্রকৌশলী ইমতিয়াজ উদ্দিন, প্রকৌশলী শরিফুল ইসলাম প্রমুখ।
প্রশিক্ষণ কোর্সে ১৪টি বিষয়ের উপরে বিশেষজ্ঞ প্রকৌশলী ও রিসোর্স পার্সনগণ উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করবেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭৬জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। আটদিনব্যাপী প্রশিক্ষণ শেষে আইইবি, চট্টগ্রাম কেন্দ্র হতে সনদ প্রদান এবং আইইবি, চট্টগ্রাম কেন্দ্র প্রশিক্ষণার্থীদের জন্য জব ফেয়ার আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।



